গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ দুই আন্তঃজেলা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জৈনাবাজার এলাকায় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো :-ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শাহগঞ্জ গ্রামের গোলাম মোস্তফা (৪০) এবং নেত্রকোনা জেলার আশকুরি গ্রামের মো. অসিম (৩৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে একজনের কাছ থেকে ৮ হাজার এবং অপরজনের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে গাজীপুরে নিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধ স্বীকার করেছে।
এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।