মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্থিরতা মোকাবিলায় সরকার কঠোর নজরদারি জোরদার করেছে।
এ লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় দেশের প্রতিটি পেট্রোল পাম্পে তদারকির জন্য ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে।
এরই ধারাবাহিকতায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বেড়াগ্রাম এলাকার মেসার্স আলী হাসান ফিলিং স্টেশনের জন্য ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক ৩০ মার্চ (সোমবার) ফিলিং স্টেশনটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কর্তৃক নির্ধারিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না এবং গ্রাহকদের সঠিক পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে কি না, তা তদারকি করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য পরিদর্শক সিহাব উদ্দিন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আলম এবং সহকারী উপ খাদ্য পরিদর্শক মাসুম বাবু প্রমুখ।