আক্কেলপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বহিষ্কার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আক্কেলপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বহিষ্কার ছবি:
আক্কেলপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বহিষ্কার ছবি:

 

​দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং অসাংগঠনিক আচরণের দায়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

​বহিষ্কৃত নেতারা হলেন আক্কেলপুর উপজেলার  সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহবুব আলম মিঠু এবং সাধারণ সম্পাদক মাহবুব আলম মেম্বার। 

রোববার ( ৩১ মে) জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

​জেলা বিএনপি সূত্রে জানা গেছে, ৩০ মে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী। দেশব্যাপী যখন এই দিনটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন করা হচ্ছিল, তখন সোনামুখী ইউনিয়নের এই দুই শীর্ষ নেতা দলের কোনো কর্মসূচি পালন করেননি।

​বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, শোকের এই দিনে দলীয় কর্মসূচি বর্জন করে তারা উল্টো জেলা বিএনপির শীর্ষ নেতা এবং স্থানীয় সাবেক সংসদ সদস্যের (এমপি) নাম ব্যবহার করে অশ্লীল নাচ-গানসহ আনন্দ উৎসবে মেতে ওঠেন।

​জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধানের নির্দেশক্রমে প্রেরিত ওই পত্রে উল্লেখ করা হয়, "শোকাবহ দিনে এ ধরনের অসাংগঠনিক ও অশ্লীল কর্মকাণ্ড দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে, যা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। ফলে দলীয় শৃঙ্খলা রক্ষা ও ক্ষতিকর প্রভাব এড়াতে ৩০ মে-র ওই নিন্দনীয় ঘটনার প্রেক্ষিতে তাদের দুজনকে সোনামুখী ইউনিয়ন বিএনপির পদসহ দল থেকে বহিষ্কার করা হলো।"

​এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জেলা বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। 

জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন ও সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান বলেন-আগামীতেও সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে যেকোনো অপকর্মের বিরুদ্ধে এমন জিরো টলারেন্স নীতি বজায় থাকবে।

 

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত