নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরনোমান গ্রামে একটি সিম খেতের ঘাস পরিষ্কার করার কাজ করতে গিয়ে মো. সাহেদ (১৬) নামের এক কিশোর দিনমজুরের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাহেদ ঐ গ্রামের মো. খলিলের ছেলে।
নিহতের মামা জাকের আহমেদ জানান, গতকাল সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের মনির নামের এক লোকের সিম খেতে ঘাস পরিষ্কার যায় সাহেদ। সকাল ১০টার দিকে খেতের মালিকের স্বজনেরা তার জন্য নাশতা নিয়ে যান। এ সময় তারা সাহেদকে খেতের মধ্যে হাঁটুপানির মধ্যে মাথা ডুবন্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে গিয়ে গেলে মৃত ঘোষণা করেন তিনি। প্রাথমিক ধারণা করা হচ্ছে গরমে স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত কিশোরের শরীরের আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। পল্লী চিকিৎসকের মতে কাজ করার সময় স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত সাহেদের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় তার মরদেহ পরিবারের হস্তান্তর করা হয়েছে।