গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের সময় হাতেনাতে চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার, ৯ মার্চ, গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের সময় চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার গ্রামের শহিদুল ইসলাম রানা (২৫), কাটাবাড়ী গ্রামের সামিউল (২২), মালিকাবাদ গ্রামের হাবিল মিয়া (৪৮) এবং দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার পুরাতন বাজার এলাকার রিয়াদ (১৯)।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জুয়েল রানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক চারজনকে মাদক সেবনের দায়ে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সমাজকে মাদকমুক্ত রাখতে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।