ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাহেদা আহমেদ
গাজীপুরের শ্রীপুরে নিজ বাড়িতে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ঢাকা অক্সাব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাহেদা আহমেদ (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২৯ মার্চ) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। নিহত শাহেদা আহমেদ শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মো. জসিম উদ্দিনের স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন শাহেদা আহমেদ। গত ২৫ মার্চ (বুধবার) রান্নাঘরে কাজ করার সময় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে মাওনার আল-হেরা হাসপাতালে নিয়ে যান। অবস্থা অন্য যে দেখে তাকে পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চার দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি রোববার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।