শ্রীপুরে অটোরিকশাচালককে গলা কেটে হত্যা
গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ (২২) নামে এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তাঁর মরদেহ পাশের একটি জঙ্গলে ফেলে রেখে যায়। ঘটনাস্থলের পাশে এক নারীর ওড়না, জুতা জোড়া ও মাথার চুলের ব্যান্ড কুড়িয়ে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার গজারি বনের পাশের মাঠে স্থানীয়রা গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত মেহেদী হাসান আসিফ উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। সে পেশায় অটোরিকশা চালক ছিল। নিহতের মা আছমা বেগম বলেন, বুধবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তাঁর ছেলে। গভীর রাতে ও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে শুরু হয় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি এবং অন্য অটোরিকশাচালকদের সঙ্গেও যোগাযোগ করা হয়। কিন্তু কোথাও তাঁর সন্ধান মেলেনি। পরদিন বৃহস্পতিবার ফজরের আজানের পর বাড়ির অদূরে একটি নির্জন স্থানে তাঁর অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এতে পরিবারের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। পরে সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে বগারভিটা এলাকায় তাঁর গলাকাটা মরদেহ পাওয়া যায়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর গলা কাটা হয়েছে। ঘটনাস্থলে পাওয়া নারীর ওড়না, জুতা ও চুলের ব্যান্ডের বিষয়টিও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।’