গাইবান্ধায় একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে সংঘটিত মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৩। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
র্যাব-১৩ সূত্রে জানা যায়, গত ২২ জুন ২০২৫ তারিখ রাতে একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশন নিয়ে বিরোধের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, এসময় এক পক্ষের সাথে অপর পক্ষের বাকবিতণ্ডা সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ছায়দার আলী (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে গাইবান্ধা সদর হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুন বিকেলে তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গাইবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩/৪২৭/৩০২/৫০৬(১)/৩৪ ধারায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
পরবর্তীতে ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব-১৩ গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা শুরু করে। এরই ধারাবাহিকতায় ১ এপ্রিল ২০২৬ তারিখ রাতে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি গোলজার রহমান (৪৫)-কে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব-১৩ আরও জানায়, হত্যা, সন্ত্রাসসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান চলমান রয়েছে এবং জননিরাপত্তা রক্ষায় তারা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।