গাঁজা সহ পালসার মোটরসাইকেল ফেলে পালিয়ে গেলো মাদককারবারী
পুলিশের আগমন টের পেয়ে ১২ কেজি গাঁজা সহ পালসার মোটরসাইকেল ফেলে দিয়ে পালিয়ে গেলো মাদককারবারী। ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধায় বগুড়ার আদমদীঘির হবির মোড় এলাকায়। পরে পুলিশ ফেলে রাখা মোটরসাইকেল ও ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ ঘটনায় রাত আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানা গেছে, লালমনিহাট জেলার আদিতমারি উপজেলার ভাদাই গ্রামের যোগেশ চন্দ্রের ছেলে স্বপন চন্দ্র লালমনিহাট থেকে মোটরসাইকেল করে ওই পরিমান গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি সান্তাহার শহরের হবির মোড় এলাকায় পৌঁছলে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল তার পিছু নেয়। এ সময় মাদক কারবারি স্বপন চন্দ্র দ্রুত মোটরসাইকেলটি রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মোটরসাইকেলের সিটের নিচ থেকে পলিথিনে মোড়ানো ১২ কেজি গাঁজা উদ্ধার করে। এ বিষয়ে সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আসসালাম আলী মন্ডল জানান, এ ঘটনায় আদমদীঘি থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।